সব গল্প

২১ জুলাই, ২০২৬

নেশা

ছেলেটির বয়স বারো। নাম পঞ্চম। চোখের রঙ বাদামী। মাথায় লম্বা চুল, এলোমেলো। সে ঘাড় ঘুরিয়ে অদ্ভুতভাবে তাকায়। দেখলে মায়া মায়া বোধ হয়।

সে কোথা থেকে এসেছে বা তারা বাবা মা কে, কেউ জানেনা।

রাস্তার পাশে সে দাঁড়িয়ে আছে। দাড়িয়ে দেখছে মানুষের বাক বিতন্ডা। পুলিশ চলে এসেছে। ছেলেধরা সন্দেহে লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মধ্যবিত্ত একজন ছাপোষা লোককে।

পঞ্চম তাচ্ছিল্যের হাসি হেসে জনতার ভীড়ে মিশে যাচ্ছে। এ নিয়ে চতুর্থবারের মত এমন ঘটনা সে ঘটাল। দলবাঁধা মানুষের উন্মাদগ্রস্থতা দেখতে তার ভালো লাগে। নেশা ধরে গেছে। প্রথমে হইচই করে একটু অভিনয় করতে হয়। যেন ম্যাচের বাক্সের পিঠে ঘষা দিয়ে কাঠিতে আগুন ধরানো ও ছুড়ে ফেলা গ্রীষ্মের আগুন ঝরা সময়ে তাপদগ্ধ শুকনো ডালপালাময় বনে। তারপরই মজা, দাঊদাঊ। পঞ্চমের নেশা ধরে গেছে।

জুলাই ২১, ২০১৯

সমাপ্ত