সব গল্প

১৬ জুলাই, ২০২৬

চিত্রশিল্পী

বের হয়েছিলাম কোনো একটা কাজে। তখন রোদের দিন। রোদের এক ধরনের গন্ধ নাকে আসছে। হয়তো রোদের গন্ধ না। রাস্তার গন্ধ, মানুষের গন্ধ সব মিলেমিশে তৈরি হয়েছে। আমার কাছে মনে হলো রোদেরই গন্ধ। গন্ধটা ঠিক কী রকম বোঝাতে পারব না। অস্পষ্ট রঙের মতো।

আমি আস্তে আস্তে হাঁটছিলাম। আমার একটু সামনে একটি রিকশা এসে থামল। রিকশার পিছনে কিছু ছবি আঁকা। সস্তা ধরনের রং ব্যবহার করে আঁকা ছবি। কিন্তু মনে হচ্ছে জীবন্ত। আমি ছবিগুলোর প্রতি আকৃষ্ট হলাম।

বিভিন্ন ছবি, রং ইত্যাদি নিয়ে ছোট একটি রিসার্চ করছি। সে কারণে অথবা অন্য কোনো কারণে ছবিগুলো টানল আমাকে খুব।

রিকশাওয়ালাকে গিয়ে ছবি বিষয়ে জিজ্ঞেস করলাম। কে এঁকেছে জিজ্ঞেস করায় সে শিল্পীর নাম বলল। আমার লোকটাকে দেখার আগ্রহ হলো। রিকশাওয়ালার কাছ থেকে ঠিকানা নিলাম।

খুব বেশি দূরে না শিল্পীর বাসা। এখান থেকে কাছেই। পায়ে হাঁটা পথে দশ মিনিট। তাই হেঁটেই রওনা দিলাম। দুটা গলি পেরিয়ে একটু ভিতরে ঢুকে বামদিকের এক বাসার নাম্বার মিলিয়ে দেখলাম রিকশাওয়ালার দেওয়া নাম্বারের সাথে মিলে গেল।

একটা ঝুপড়ির মতো ঘর। ঘর দেখে হতাশ হলাম। এখানে কোনো বড় মাপের লোকের প্রত্যাশা করা বৃথা। পাশের ড্রেন থেকে ভকভক করে দুর্গন্ধ আসছে। দম আটকে আসে এরকম দুর্গন্ধ।

আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম দরজা খোলা। একজন লোক খালি গায়ে উবু হয়ে ছবি আঁকছেন। তিনি পা ছড়িয়ে বসেছেন। তার লুঙ্গি ও হাঁটুর উপরে চলে এসেছে।

ইনিই বোধহয় শিল্পী। ভদ্রলোক মধ্যবয়স্ক। মুখে খোঁচা খোঁচা দাড়ি। পান খাচ্ছেন। মাথায় ঝাঁকড়া কাঁচাপাকা চুল। চোখে মোটা ফ্রেমের চশমা।

সমস্ত ঘরজুড়ে আঁকার জিনিসপত্র ছড়ানো ছিটানো।

আমি দরজায় দাঁড়াতেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ভিতরে এসে বসেন। দরজায় দাঁড়ালে লাইট আসে না।

আমি একটু ভিতরে গিয়ে তার ছবি আঁকা দেখতে দেখতে বললাম, আমি আপনার ছবি দেখে আপনার সাথে দেখা করতে এসেছি। আপনি চমৎকার আঁকেন। আপনার নাম কী?

তিনি বললেন, আমার নাম তোরাব আলী।

আপনি কি শুধু আঁকাআঁকিই করেন?

জি জনাব। আঁকাআঁকি করি। কাটাকুটি খেলি। দুনিয়া কাটাকুটি খেলার জায়গা। হে হে হে।

তোরাব আলীর হাতে তুলি ছিল। তিনি রঙে চুবিয়ে তা দিয়ে সামনের কাগজে একটা ক্রসের মতো দিলেন। প্রথম টান দেয়ার সময় বললেন কাটা, দ্বিতীয় টানের সময় কুটি। তিনি বোধহয় কাটাকুটি জিনিসটা পরিষ্কার করলেন আমার কাছে।

আমি সপ্রশংস চোখে বললাম, আপনার আঁকা ছবিগুলো অসাধারণ। আমি রিকশার পিছনে একটা দেখেছি। আসলেই অসাধারণ। আমি পৃথিবীর অনেক বিখ্যাত ছবি দেখেছি। আপনারগুলো আসলেই ব্যতিক্রম।

তোরাব আলী আমার দিকে তাকিয়ে হাসলেন। মুখের বাঁ দিকে ডান হাতের আঙুল দিয়ে ঠেলে মুখের পাশ থেকে সুপারির গুঁড়াগুলো সরাতে সরাতে বললেন, আমি হইতেছি শিল্পী। দ্য ক্রিয়েটর। অন্য যাদের আপনেরা শিল্পী বলেন ওরা নকলবাজ। অন্যের সৃষ্টি নকল করে।

আমি খানিকটা কৌতুকবোধ করলাম তার বলার ভঙ্গি দেখে। যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন সবাইকে। তাকে জিজ্ঞেস করলাম, মানে কী? আপনি কি বলতে চান পৃথিবীর বড় শিল্পীরা শিল্পী না?

তোরাব আলী আগের মতোই বললেন, যারা অন্যের সৃষ্টি নকল করে হেরা শিল্পী না। তারা হইল গিয়া মুখস্থ করা ছাত্রের মতো। আমার আঁকাগুলা দেখেন। কোনো নকল নাই। সব আমার সৃষ্টি। আমি কারো সৃষ্টির ছবি আঁকি না।

আমি তোরাব আলীর ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলাম। ছবিগুলোর সাথে পৃথিবীর কোনো প্রাণী বা মানুষের কোনো মিল নেই। সম্পূর্ণ অদ্ভুত ধরনের আঁকা ছবিগুলো। প্রত্যেকটাই মনে হচ্ছে যেন জীবন্ত। এরকম জীবন্ত আর কোনো ছবি কখনো মনে হয়নি।

তোরাব আলী আমার মুখের দিকে তাকিয়ে বিচিত্র সুরে হে হে করে হেসে উঠলেন। আমি প্রথম থেকেই লক্ষ্য করছি লোকটা হাসে অদ্ভুতভাবে। হে হে করে টেনে টেনে।

তোরাব আলী হাসা বন্ধ করে বললেন, আপনি ভাবতেছেন ছবিগুলা ক্যান জীবন্ত লাগতেছে? ঠিক না?

আমি তোরাব আলীর কথায় ভয় পেলাম কিছুটা। কেন জানি গায়ের রোম কাঁটা দিয়ে উঠল। মনে হলো তার চোখ দুটি হচ্ছে জ্বলন্ত দুটি গোলক, যা আমার ভিতর পর্যন্ত পড়ে নিচ্ছে অনায়াসে। ভয়ে ভয়ে ইতস্তত করে বললাম, হ্যাঁ। তবে আপনি জানলেন কী করে?

তোরাব আলী হেসে বললেন, ভয় পাইয়েন না। আমার ছবি যে দেখে সেই এমনে ভাবে। তাই বললাম। আপনি যা ভাবতেছেন তাই। ছবিগুলো আসলেই জীবন্ত।

আঁতকে উঠে বললাম, জীবন্ত মানে?

তোরাব আলী নির্বিকারভাবে পান চিবুতে চিবুতে বললেন, জীবন্ত মানে জেতা। জিন্দা।

এ কী করে সম্ভব?

তোরাব আলী আগের মতোই বলেন, সবই সম্ভব। আমি নিজে সৃষ্টি করি। তাই আমি জীবন দিতে পারি। আমি নকল করি না। ঘরময় ছড়ানো কয়েকটা ছবির দিকে চোখ গেল। দেখলাম সত্যিই জীবন্ত ছবিগুলো। খুব ভালো করে লক্ষ করলে দেখা যায় আস্তে আস্তে নড়ছে যেন। আর সব ছবিই অদ্ভুত এবং ভয়ংকর। ব্যাপারটা আগে আমার নজরে আসেনি এতটা প্রকটভাবে। তোরাব আলী আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি পৃথিবীর একজন সার্থক শিল্পস্রষ্টা কিন্তু আমার কথা কেউ জানল না। আফসোস!

আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি আপনার কথা প্রচার করব। ব্লগে ফেসবুকে পত্রিকায় দেব। তাহলে নিশ্চয়ই জানবে সবাই। এত ক্ষমতাধর শিল্পী আমাদের দেশে আছেন তা সবার জানা দরকার। আপনাকে নিয়ে এবং আপনার সৃষ্টি নিয়ে গবেষণা হবে।

তোরাব আলী আমার দিকে আগের মতোই হতাশ চোখে তাকালেন। তিনি এখনো পান চিবুচ্ছেন। চিবুতে চিবুতেই বললেন, আমার এই গুণের কথা জেনে কেউ এখান থেকে যাইতে পারে নাই। এইটা হইল কথা। নির্মম কথা। তয় সত্য। নির্মম কথাগুলো সত্য হইলেই ভয়ংকর।

আমার মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। গায়ের রোম খাড়া হয়ে উঠল। তোরাব আলীকে আবারও কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কেন? এখান থেকে যেতে কি অসুবিধা?

তোরাব আলী আমার দিক থেকে মুখ ফিরিয়ে রঙে ডোবানো তুলিটা হাতে নিলেন। সামনের কাগজে ক্রস টেনে বললেন, দুনিয়া কাটাকুটির খেলা ভাই সাহেব। আমি সৃষ্টি করে কাটা দিচ্ছি। কেউ আমাকে গোপন রেখে তার কুটি দিচ্ছেন। এইতো কাটাকুটি রে ভাই। এইটাই জীবন। তবে আপনে ভাগ্যবান। একজন সার্থক চিত্রশিল্পী দেখলেন। দুনিয়াতে সবাই সার্থক চিত্রশিল্পী দেখে যেতে পারে না। এখন বিদায়। অনেকদিন নতুন কোনো ছবি আঁকি না। আজ আঁকব।

তারপর আর আমার কিছু মনে নেই। এরপর থেকে আমি আর আমাকে আলাদাভাবে অনুভব করতে পারছি না। তবে আমি নিশ্চিত আমি বেঁচে আছি। আমার সামনেই আছে তোরাব আলীর আঁকা কয়েকটা বিকটদর্শন ছবি। মাঝে মাঝে তোরাব আলীকেও দেখি। তোরাব আলীর কাছে আমার মতো একজন-দুজন লোককেও আসতে দেখি সপ্তাহে কিংবা মাসে। আমি আমার কানকে অনুভব করতে পারছি না, কিছু শুনতেও পারছি না। তবে তোরাব আলী কাগজে তুলির কাটাকুটি দাগ দিয়ে যখন হে হে করে হাসে তখন তার পান খাওয়া দাঁত বের করা দেখেই আমি বুঝতে পারি তার হাসি। এও বুঝতে পারি, আমি ঝুলে আছি তোরাব আলীর রুমের বাঁ দিকের দেয়ালের কোনো অংশে।

-- চিত্রশিল্পী এপ্রিল ২০১৩ একেবারে প্রথম দিকের গল্প। ২০১৪ সালে কোলকাতা থেকে প্রকাশিত আমার প্রথম ছোটগল্পের বইতে প্রকাশ করি।

সমাপ্ত